টাইগার নন, আ*ততায়ীদের নিশানায় ছিলেন আমির!

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় নতুন মোড়। মুম্বই পুলিশের দাবি, টাইগার নয়, দুষ্কৃতীদের প্রাথমিক নিশানায় ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তবে অভিনেতার কড়া নিরাপত্তার কারণে তাঁর কাছে পৌঁছতে না পেরে টাইগারকে নিশানা করা হয় বলে তদন্তকারীদের অনুমান।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রায় এক মাস মুম্বইয়ে থেকে আমিরের গতিবিধির উপর নজর রেখেছিল। তাঁর বাড়ির আশপাশে একাধিকবার ঘোরাফেরাও করে তারা। কিন্তু শুটিংয়ের কাজে আমিরের নিয়মিত শহরের বাইরে যাতায়াত এবং নিরাপত্তার কড়াকড়ির কারণে হামলার সুযোগ পায়নি দুষ্কৃতীরা।

এরপর টাইগার শ্রফের উপর নজর পড়ে তাদের। তদন্তকারীদের দাবি, জুহুর একটি পার্কে প্রায় প্রতি রবিবার ফুটবল খেলতে যেতেন অভিনেতা। সেই তথ্যের ভিত্তিতেই হামলার পরিকল্পনা করা হয় বলে অনুমান পুলিশের। গত ১৮ অক্টোবর ফুটবল খেলে ফেরার সময় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

এদিকে, গত জুলাইয়ে আমির খানের কাছে আসা হুমকির সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল বলেও খবর। তবে আমিরকে নিশানা করার অভিযোগ এবং হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত চলছে।

By Durgasree Mitra