২৬ বছর বাদে বাংলা ছবি প্রযোজনায় অনুপম খের, ছবিতে থাকছেন কারা?

প্রায় ছাব্বিশ বছর পর ফের বাংলা সিনেমায় অনুপম খের। ২০০০ সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি ‘বাড়িওয়ালি’। সেই ছবির প্রযোজক ছিলেন তিনি।

সূত্রের খবর, এবার প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ উদ্যোগে আরও একবার ‘শুরু থেকে শুরু’ ছবি প্রযোজনা করতে চলেছেন অনুপম। ছবিটি পরিচালনা করবেন শমীক বন্দ্যোপাধ্যায়।

অভিনয়ে থাকছেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম, রাহুল বোস সহ আরও অনেকে। গল্পের পটভূমি একটি পাহাড়ি অঞ্চল। শান্ত পরিবেশে থাকা এক দম্পতির জীবনে আকস্মিক সংকট নেমে আসার পর কীভাবে সম্পর্কের সমীকরণ বদলে যায়, সেই কাহিনিই ফুটে উঠবে ছবিতে।

প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, বাংলা চলচ্চিত্রে বাইরের বিনিয়োগকারীদের আগমন শিল্পের পক্ষে ইতিবাচক। তাঁর মতে, এই ধারা অব্যাহত থাকলে বাংলা সিনেমার জন্য ভালোই হবে।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী বাংলার কোনও পাহাড়ি অঞ্চলেই শুটিং হবে বলে খবর।

By Durgasree Mitra