২০২৭-এ ফের ‘ইন্ডিয়া ট্যুর’-এ অরিজিৎ সিংহ, ৯ শহরের তালিকায় নেই কলকাতা

চলতি বছরের শুরুতেই অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, ছবিতে আর প্লেব্যাক গাইবেন না। চলতি বছরে ভারতে কোনও অনুষ্ঠানও করেননি তিনি। তবে এ বার অরিজিৎ-অনুরাগীদের অপেক্ষার অবসান। অরিজিৎ সিংহ ফের ‘ইন্ডিয়া ট্যুর’ করতে চলেছেন। দেশের একাধিক শহরে তাঁর গানের সুরে ভাসবেন অনুরাগীরা। অরিজিতের সঙ্গীতজীবনের ২০ বছর উদ্‌যাপন করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

২০২৭-এর শুরু থেকে অরিজিতের এই সঙ্গীত-সফর শুরু হবে। দেশের ৯টি শহরে গানের অনুষ্ঠান করবেন তিনি। ৯ জানুয়ারি অহমদাবাদে, ২৩ জানুয়ারি চণ্ডীগড়ে, ৭ ফেব্রুয়ারি জয়পুরে, ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠান করবেন অরিজিৎ। মে মাস পর্যন্ত অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ চলবে। বেঙ্গালুরুতে ১৩ মার্চ অনুষ্ঠান করবেন অরিজিৎ, দিল্লিতে ২৭ মার্চ, পুণেতে ১০ এপ্রিল, ইন্দৌরে ১ মে এবং ১৫ মে হায়দরাবাদে অনুষ্ঠান রয়েছে অরিজিতের। তবে এই তালিকায় কলকাতা না থাকায় প্রশ্ন তুলেছেন অরিজিৎ-ভক্তরা।

কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোনও শহরে কেন অনুষ্ঠান করছেন না অরিজিৎ, সেই জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে অনুরাগীদের একাংশের দাবি, কলকাতাকে হয়তো পরে এই তালিকায় যোগ করবেন অরিজিৎ। অথবা কলকাতা নিয়ে কোনও বিশেষ চমক আছে বলেই হয়তো এই শহরের নাম উল্লিখিত নয়।

সোমবার অরিজিতের অফিশিয়াল সমাজমাধ্যম থেকে একটি পোস্টের মাধ্যমে ‘ইন্ডিয়া ট্যুর’-এর কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানের টিকিট কবে কী ভাবে কাটা যাবে, তা-ও সেই পোস্টে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই অরিজিৎ বলেছিলেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত হয়ে যান তাঁর অনুরাগীরা। তবে এই ঘোষণার আগে থেকে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি সম্পূর্ণ করবেন বলেও জানিয়েছিলেন অরিজিৎ।

এর পরে কলকাতায় অনুষ্কাশঙ্করের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ। দু’জনের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে নিজের একক অনুষ্ঠান ভারতে আর করেননি। শোনা যাচ্ছিল, আবার মঞ্চের অনুষ্ঠান করবেন ২০২৭ সালে। সেই কথামতোই ফের আগামী বছরে মঞ্চে শোনা যাবে অরিজিতের গান।

By Paromita