‘গানমাস্টার জি৯’-এর শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে ইমরান হাশমি, অল্পের জন্য রক্ষা!

নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শ্যুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা ইমরান হাশমী! ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শ্যুটিংয়ের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নীচে পড়ে যাচ্ছে। তার পরেই নীচে দাঁড় করানো একটি কালো ভ্যানের ছাদে গিয়ে আছড়ে পড়ছে সেটি। বিপজ্জনক বিষয় হল, ওই ভ্যানটির খুব কাছেই ছিলেন ইমরান।

শ্যুটিংয়ের সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত কলাকুশলীরা ক্রেন থেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়িটির দিকে তাকিয়ে রয়েছেন। তার পরেই দেখা যায়, ঝুলন্ত গাড়িটি এক পাক উল্টে গিয়ে বাঁধন ছিঁড়ে নীচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সেটি নীচে রাখা একটি ভ্যানের উপর গিয়ে পড়ে। গোটা ঘটনায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কাছেই ছিলেন ইমরান। গাড়িটি অভিনেতার খুব কাছাকাছি চলে এসেছিল বলে জানা যাচ্ছে।

তবে এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর মেলেনি। দৃশ্যটি পরিকল্পিত ছিল, না কি শ্যুটিংয়ের সময়ে কোনও গন্ডগোল হয়েছিল, তা নিয়ে এখনও মুখ খোলেননি ছবির নির্মাতারা। কোথায় এই দৃশ্যের শ্যুটিং হচ্ছিল, তা-ও স্পষ্ট নয়।

এই প্রথম নয়, এর আগেও এই ছবির শ্যুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত জুন মাসে হরিদ্বারে শ্যুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। তাঁদের অভিযোগের সূত্রপাত একটি সাইনবোর্ড ঘিরে। শ্যুটিংয়ের জায়গায় ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা বোর্ড দেখে অনেকে ভেবেছিলেন, ধর্মীয় স্থানে সত্যিই কোনও পানশালা খোলা হচ্ছে। সেই ভুল ধারণা থেকেই উত্তেজনা ছড়ায়। এক সময়ে শ্যুটিং বন্ধ করে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন ছবির প্রযোজক দীপক মুকুট। তাঁর বক্তব্য ছিল, “কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না।” স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই সমস্যার সমাধান করা হয়েছে বলে জানান তিনি। অভিযোগে বিস্ময় প্রকাশ করে দীপক আরও বলেছিলেন যে, তিনি নিজেও হিন্দু ধর্মাবলম্বী। তাই হরিদ্বারে পানশালা খোলার কথা তিনি কখনও ভাববেন না।

আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ ছবিতে ইমরান ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংহ। অ্যাকশন-নির্ভর প্রেমের ছবি এটি। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

By Paromita