বিশ্বকাপ আয়োজনের আর্থিক প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে ফের বিতর্কে ফিফা। যুক্তরাষ্ট্রের যে ১১টি শহরে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেগুলির আয়োজক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, প্রতিযোগিতা শেষ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিশ্রুত অর্থ এখনও মেলেনি।
আয়োজকদের দাবি, গত বছরের ক্লাব বিশ্বকাপের সময় প্রতিটি আয়োজক ভেন্যুকে প্রায় ১০ কোটি টাকা করে দেওয়া হয়েছিল। একই ধরনের সহায়তার আশ্বাস বিশ্বকাপের ক্ষেত্রেও দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো অর্থ প্রদান করা হয়নি বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে বারবার ফিফার সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, প্রতিটি শহরকে ১০ কোটি টাকা করে দিতে মোট ১১০ কোটি টাকা প্রয়োজন, যা ফিফার সাম্প্রতিক আর্থিক লাভের তুলনায় খুবই সামান্য।
এই ঘটনায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছে। আয়োজক শহরগুলির দাবি, প্রতিশ্রুত অর্থ দ্রুত পরিশোধ করে ফিফার উচিত বিতর্কের অবসান ঘটানো।
