‘বার বার কান্না পাচ্ছে, সব যেন ভেঙে পড়ছে’! সমাজমাধ্যমে জানালেন পার্থ সমথান, কী হয়েছে অভিনেতার?

মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ সমথান। সমাজমাধ্যমে প্রকাশ্যেই সে কথা জানালেন অভিনেতা। সম্প্রতি, এক আবেগঘন পোস্টে পার্থ জানান, গত তিন-চার দিন ধরে তাঁর জীবন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে কেটেছে। কী কারণে এমন হচ্ছে, তা এখনও বুঝে উঠতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে পার্থ ঠিক কী লিখেছেন? অভিনেতা লেখেন, “গত ৩-৪ দিন আমার খুব খারাপ কেটেছে। মানসিক ও শারীরিক দিক থেকে ভাল যাচ্ছে না সময়টা। বার বার কান্না পাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নেতিবাচক চিন্তা মাথায় আসছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে পড়ছে।” তিনি আরও লেখেন, “সবচেয়ে খারাপ বিষয় হল, এখনও বুঝতে পারছি না কেন এমন হচ্ছে।”

অভিনেতার এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে একের পর এক বার্তা পাঠাতে শুরু করেন। এক অনুরাগী লেখেন, “খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ঈশ্বর আপনাকে শক্তি, ভালবাসা এবং সাহস দিন।” অন্য এক জনের মন্তব্য, “আসলে কী হয়েছে জানি না। তবে আমার মনে হয়, তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তার প্রভাবও হয়তো তাঁর ব্যক্তিগত জীবনে পড়েছে।” আর এক অনুরাগী লেখেন, “আপনার জন্য অনেক ভালবাসা ও প্রার্থনা রইল। সময় নিন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন।”

বর্তমানে ‘সহের হোনে কো হ্যায়’ ধারাবাহিকে মাহিদ নিয়াজ়ির চরিত্রে অভিনয় করছেন পার্থ। তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেলেও ধারাবাহিকটি একাধিক বিতর্কে জড়িয়েছে। চলতি বছরের শুরুতে পার্থ এবং তাঁর সহ-অভিনেত্রী ঋষিতা কোঠারীর মধ্যে মনোমালিন্যের জল্পনা ছড়ায়। দু’জন একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার পর থেকেই শুটিং ফ্লোরে মতবিরোধ এবং প্রযোজনার কাজে বিঘ্ন ঘটার গুঞ্জনও সামনে আসে। পরবর্তী কালে ধারাবাহিকের গল্পে নতুন মোড় আসার পরে নতুন নায়িকা হিসাবে ভাবিকা শর্মা জায়গা নেন।

By Paromita