কবীরের ছবির শুটিংয়ে চোট পান কার্তিক! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিকের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খান পরিচালিত ছবির একটি অ্যাকশন দৃশ্যের প্রস্তুতির সময় তাঁর পায়ে চোট লাগে। পরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা।

হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন কার্তিক। একটি ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘পা আপাতত অকেজো।’

তাজামুল ইসলামের চরিত্রে অভিনয়ের জন্য কিকবক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক। শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে অনুশীলনের সময়ই দুর্ঘটনাটি ঘটে। চোটের কারণে ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার পরই কাজে ফিরবেন তিনি।

By Durgasree Mitra