আত্মবিশ্বাস হারিয়েছিলাম, নিজেকে দেখতে নিজেরই ভাল লাগত না! এখন কাজে ফিরতে প্রস্তুত: ইন্দ্রাণী

অভিনেত্রী মানেই তাঁর হবে ছিপছিপে চেহারা, এই ধারণার এখনও খুব একটা পরিবর্তন হয়নি। ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে নিজেকে একপ্রকার সকলের চোখের আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বেড়ে গিয়েছিল ওজন। তা নিয়েও হয়েছিল বিপুল আলোচনা। নিজেকে পুরনো ছন্দে ফেরালেন কী ভাবে?

পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। যার ফলে ‘ঘরে ঘরে জ়ি বাংলা’ অনুষ্ঠান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। কোমরের এই চোটের জন্যই পুরোপুরি গৃহবন্দি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রতিদিনের জিম, ব্যায়াম সব বন্ধ হয়ে যায় চিকিৎসকের পরামর্শে।

ইন্দ্রাণী বলেছেন, “কোমরে চোটের জন্য স্টেরয়েড ওষুধ খেতে হয়েছিল। আর নিয়মিত শারীরচর্চা করা যাঁদের অভ্যাস, সেটা বন্ধ হলে ডায়েট করেও কোনও লাভ হয় না।” তবে শুধু কোমরের চোট নয়, পরে লিগামেন্ট ছিঁড়েও খুব ভুগতে হয়েছিল ইন্দ্রাণীকে। তত দিনে অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল। প্রায় দু’বছর শারীরচর্চা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। ইন্দ্রাণী জানান, তাঁর ওজন বেড়ে প্রায় ৭৫ কেজি হয়ে গিয়েছিল। মাঝে চেষ্টা করেছিলেন জিমে যাওয়ার। কিন্তু তাতেও কষ্ট হত।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পুরোদমে পুরনো ছন্দে ফিরছেন অভিনেত্রী। ইন্দ্রাণী যোগ করলেন, “মাঝে অল্পস্বল্প জিমে গিয়েছিলাম বলে দু’-চার কেজি ওজন কমেছিল। কিন্তু বুঝেছিলাম, তাতে হবে না। কারণ তত দিনে প্রায় ২০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমি চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ডায়েটের পরামর্শ নিই। কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমার ডায়েট চার্ট করে দিয়েছিলেন তিনি।”

মাত্র কয়েক মাসেই ২২ কেজি ওজন ঝরিয়েছেন ইন্দ্রাণী। এই কয়েক বছরে চেহারার পরিবর্তন নিয়েও নানা ধরনের কথা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “মানুষ তো অপমান করতে ছাড়েন না। আমাকে নেতিবাচক মন্তব্যও সহ্য করতে হয়েছে। পুজোর উদ্বোধন করতে গিয়ে খারাপ মন্তব্য শুনতে হয়েছে। মোটা হয়ে গিয়েছিলাম বলে আমার জামাকাপড়ও পরিবর্তন করতে হয়েছে। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলাম। নিজেকে দেখতে ভাল লাগত না।”

সেই সময়েও অনেক কাজের সুযোগ এসেছিল। চেহারার পরিবর্তন হওয়ায় তিনি নিজেই কাজ করতে চাননি। অভিনেত্রীর মতে, যেহেতু তাঁকে এই ভাবে দেখতে দর্শক অভ্যস্ত নয়, তাই তিনি নিজেই সে ভাবে ক্যামেরার সামনে আসতে চাননি। তবে এখন অভিনেত্রী প্রস্তুত নতুন ভাবে কাজে ফেরার জন্য। ইন্দ্রাণী জানিয়েছেন, কোনও রিয়্যালিটি শো উপস্থাপনা করতে বা ভাল ছবি, সিরিজ়ে অভিনয় করার জন্য প্রস্তুত তিনি। শীঘ্রই ক্যামেরার সামনে ফিরতে চান অভিনেত্রী।

By Paromita