আইসিসি ক্রমতালিকায় ভারতের দাপট, টি-টোয়েন্টিতে শীর্ষে ঈশান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সর্বশেষ ক্রমতালিকায় টি-টোয়েন্টি ও টেস্ট—দুই ফরম্যাটেই ভারতের ক্রিকেটারদের আধিপত্য বজায় রয়েছে। টি-টোয়েন্টি ব্যাটিং ক্রমতালিকায় এক বছর পর শীর্ষস্থান হারিয়েছেন অভিষেক শর্মা। তাঁকে সরিয়ে ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। অভিষেকের রেটিং ৮৬৯।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৭ রান ও প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে নজর কাড়েন ঈশান। পাকিস্তানের বিপক্ষে ৭৭ এবং ফাইনালে ৫৪ রানের ঝোড়ো ইনিংস তাঁকে ক্রমতালিকার শীর্ষে তুলে দিয়েছে। এর মধ্য দিয়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মার পর ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি।

অন্যদিকে, টেস্ট বোলিং ক্রমতালিকায় ৮৭০ রেটিং নিয়ে আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেছেন ভারতের জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৮৬১)।

টেস্ট ব্যাটিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া আয়ারল্যান্ডের লোরকান টাকার, রস অ্যাডায়ার ও ম্যাথিউ হামফ্রিস এবং ভারতের শিবম দুবে সর্বশেষ ক্রমতালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন।  

By Durgasree Mitra