ছোটবেলার কোচকে গাড়ি উপহার দিলেন জেমাইমা

ছোটবেলার কোচকে গাড়ি উপহার দিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার জেমাইমা রদ্রিগেজ। গুরুদক্ষিণা হিসেবে কোচ প্রশান্ত শেট্টিকে একটি নতুন এসইউভি গাড়ি দিলেন তিনি।  

ন’বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি জেমাইমার। বাবা ইভান রদ্রিগেজ তাঁকে নিয়ে গিয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রার এমআইজি ক্লাবে। সে সময় ক্লাবটিতে শুধুমাত্র ছেলেদেরই প্রশিক্ষণের সুযোগ ছিল। কিন্তু ছোট্ট জেমাইমার প্রতিভা নজর এড়ায়নি প্রশান্তর। তিনিই উদ্যোগ নিয়ে মেয়েদের জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করেন। তাঁর কাছে জেমাইমার ক্রিকেট শেখা শুরু। আজও কোনও সমস্যায় পড়লে তাঁর প্রথম ভরসা সেই প্রশান্ত শেট্টিই।

বর্তমানে প্রশান্ত বান্দ্রায় ‘কল্পবৃক্ষ ক্রিকেট ক্লিনিক’ নামে নিজস্ব অ্যাকাডেমি পরিচালনা করেন। মুম্বইয়ে থাকলে সেখানে নিয়মিত অনুশীলন করেন জেমাইমা। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আবারও শিরোনামে উঠে এসেছেন জেমাইমা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ১২৭ রানের ঝকঝকে ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছে। সেই সাফল্যের মাঝেই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিশেষ উপহার দেন তিনি। ছাত্রীর কাছ থেকে উপহার পেয়ে খুশি প্রশান্ত।

By Durgasree Mitra