মাঠে নামার মাত্র ১৮ মিনিটের মধ্যেই উঠে যেতে হয়েছিল লিওনেল মেসিকে। রবিবার ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নেমে বাঁ পায়ে অস্বস্তি অনুভব করায় আর ঝুঁকি নিতে চাননি আর্জেন্টাইন অধিনায়ক।
মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানায়, “গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনাইডেটের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। একাধিক মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। পেশির উপর অতিরিক্ত চাপ পড়ার ফলেই এই সমস্যা হয়েছে। মেসির মাঠে ফেরা নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং সম্পূর্ণ সুস্থতার উপর।”
তবে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি ক্লাব। আপাতত কয়েক দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানানো হয়েছে। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অধিনায়কের সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
