‘সর্বাগ্রে জীবনবীমা’ প্রচারণা ভারতীয়দের বিনিয়োগের চেয়ে সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে

ভারতে জীবন বীমার সুরক্ষা না থাকা বিপুল জনসংখ্যা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে প্রকট হয়েছে। ২০১৯ সালে যেখানে বিমা সুরক্ষার ক্ষেত্রে এই ঘাটতি ছিল ৮৩%, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৭%। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ক্ষেত্রে ওই ঘাটতি ৯০% ছাড়িয়েছে। এই বাড়তে থাকা ঝুঁকি পরিবারগুলির আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের স্বপ্নপূরণের ক্ষেত্রে এক বড় হুমকি। সমস্যার সমাধানে ভারতের সব জীবন বীমা সংস্থার প্রতিনিধিত্বকারী বীমা সচেতনতা কমিটি তাদের জাতীয় প্রচারাভিযান ‘সর্বাগ্রে জীবন বীমা’-র পরবর্তী ধাপ চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিটি ভারতীয়কে উদ্বুদ্ধ করা যাতে তারা আর্থিক পরিকল্পনার শুরুতেই জীবন বীমাকে অগ্রাধিকার দেয় এবং সচেতনতার এই প্রসার যেন বাস্তবেও রূপায়িত হয়। 

অধিকাংশ সময়ই মানুষ সঞ্চয় ও বিনিয়োগকে অগ্রাধিকার দেয়, কিন্তু মৌলিক আর্থিক সুরক্ষাকে উপেক্ষা করে। তাই এই প্রচারণায় মূলত সেই প্রচলিত অভ্যাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই উদ্যোগ মনে করিয়ে দেয়— জীবন বীমা হওয়া উচিত যে কোনও নিরাপদ আর্থিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ। এটি সন্তানদের শিক্ষা, বাড়ি কেনা, অবসর পরিকল্পনার মতো দীর্ঘমেয়াদি লক্ষ্যের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করে। মানবিক গল্প ও আবেগপূর্ণ মুহূর্ত তুলে ধরার মাধ্যমে প্রচারাভিযানে জীবন বীমার গুরুত্ব বোঝানো হবে। জীবন বীমাকে শুধুই একটি চুক্তি নয়, বরং জীবনের সুরক্ষা, পরিবারের সহায়তা এবং মানসিক শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।

এই প্রচারাভিযানটি বছরব্যাপী চলবে এবং টেলিভিশন, ডিজিটাল, প্রিন্ট ও আউটডোরসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হবে যাতে সর্বোচ্চ প্রচার ও প্রভাব নিশ্চিত করা যায়। বীমা সচেতনতা কমিটির সদস্য বলেন, “‘সর্বাগ্রে জীবনবীমা’ শুধু একটি স্লোগান নয়— এটি একটি আহ্বান, যা আমাদের আর্থিক পরিকল্পনা সম্পর্কে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে নতুন ভাবানার খোরাক যোগাবে। আমরা প্রায়ই সুরক্ষাকে গুরুত্ব না দিয়ে সঞ্চয় ও সম্পদ বৃদ্ধিকে অগ্রাধিকার দিই। সেই মনোভাব বদলানোই এই অভিযানের উদ্দেশ্য। আমরা মানুষকে বোঝাতে চাই, প্রথমে স্বপ্নপূরণের জন্য সুরক্ষা নিশ্চিত করে, তার পরে স্বপ্নপূরণের পিছনে ছোটা ভাল। ঠিক যেমন প্রতিটি কাঠামো গড়তে একটি মজবুত ভিত দরকার হয়, তেমনই প্রতিটি অর্থনৈতিক পরিকল্পনা জীবন বীমার ভিত্তির উপরে নির্ভর করে করা উচিত। আমাদের উদ্দেশ্য সচেতনতাকে সক্রিয়তায় পরিণত করা। আমরা চাই প্রতিটি ভারতীয় পরিবার যেন অর্থনৈতিকভাবে সচেতন হয় এবং ভবিষ্যতের জন্য সঠিক অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে পারে।” এই প্রচারের লক্ষ্য হল জীবন বীমাকে আর্থিক পরিকল্পনার ‘অন্যতম ভালো বিকল্প’ থেকে ‘আবশ্যক প্রাথমিক বিকল্পে’ রূপান্তরিত করা। এই পর্যায়ে, বীমা সচেতনতা কমিটি ডিজিটাল জ্ঞান কেন্দ্র https://www.sabsepehlelifeinsurance.com/ -কেও উন্নত করেছে- যা প্রচারাভিযানের একটি মূল উপাদান হিসেবে কাজ করবে। পোর্টালটি সরলীকৃত এবং মূল্যবান তথ্যাবলী সরবরাহ করবে- যা মানুষকে বীমা কভারেজের চাহিদা মূল্যায়ন করতে এবং সচেতনভাবে বিকল্প বেছে নিতে সক্ষম করে তুলবে।

By Business Bureau