বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’

নতুন ছবি‌ মুক্তির আগেই বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’। মূলত ছবির টিজারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি বিশেষ সংলাপ ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো, মণীষীদের নাম নিয়ে তৈরি এক সংলাপ বাঙালির ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা।

ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় একজন আইপিএস অফিসারের ভূমিকা পালন করছে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ক্ষুদিরাম চাকী’। প্রসঙ্গত একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর আত্মবলিদানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এই নিয়েই ক্ষোভ জমেছে নেটিজেনদের মধ্যে।

শাশ্বত চট্টোপাধ্যায়কেও বিঁধতে ছাড়েননি দর্শকরা। কেউ কেউ তাঁর পুরনো ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বলেছেন, “উনি কি সংলাপের মর্ম না বুঝেই বারবার এমন কাজ করেন?” পরিচালক রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ বা ‘আবার প্রলয়’ সিরিজে শাশ্বতকে দাপুটে পুলিশ অফিসার হিসেবে দেখা গিয়েছিল। সেখানেও তাঁর সংলাপ ছিল যথেষ্ট কড়া। তবে এবার মণীষীদের নামের সঙ্গে এমন সংলাপ যুক্ত হওয়ায় তা মাত্রা ছাড়িয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

By sonali