সত্যজিৎ রায়কে নিয়ে মাস্টারক্লাসে রমেশ সিপ্পি, কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে একাধিক চমক

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) চলাকালীন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে এক বিশেষ মাস্টারক্লাস, যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের খ্যাতনামা পরিচালক রমেশ সিপ্পি। ‘শোলে’ খ্যাত এই পরিচালক তাঁর অভিজ্ঞতা, রায়ের চলচ্চিত্রের প্রভাব এবং ভারতীয় সিনেমার বিবর্তন নিয়ে আলোচনা করবেন।

প্রতিবছরের মতো এ বারেও জমজমাট হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। রয়েছে একগুচ্ছ চমক। এ দিন সাংবাদিক সম্মেলনে ফেস্টিভালের সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়। ফিল্ম ফেস্টিভালে নানা ভাষা, নানা বিষয়ের ছবি নিয়ে আলাদা উৎসাহ তো থাকেই। পাশাপাশি সিনেমার এই উৎসবে কী কী মাস্টারক্লাস এবং এক্সহিবিশন থাকছে, সে দিকেও নজর থাকে সকলের। এ বারের ফেস্টিভালেও খুবই গুরুত্বপূর্ণ লেকচার, সেমিনার এবং মাস্টারক্লাস থাকছে। একনজরে দেখা নেওয়া যাক সেগুলি।

৭ নভেম্বর,সকাল ১১টায় শিশির মঞ্চে সত্যজিৎ রায় মেমোরিয়াল বক্তব্য রাখবেন ‘শোলে’-র পরিচালক রমেশ সিপ্পি একই দিনে, একই ঠিকানায় বিকাল ৪টের সময় অভিবাসন নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের শিরোনাম ‘বিয়োন্ড বর্ডারস: ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন।’ ৮ নভেম্বর বিকাল ৩টের সময় পোল্যান্ডের সিনেমা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত এ বছরের ফিল্ম ফেস্টিভালের ফোকাস কান্ট্রি পোল্যান্ড।

৯ নভেম্বর সেমিনার হবে গুরু দত্তকে নিয়ে। এই সেমিনারের শিরোনাম, ‘গুরু দত্ত: দ্য মেলানকোলিক মাভেরিক’। পরের দিন ১০ নভেম্বর বাংলা আকাদেমিতে রয়েছে হলিউড পরিচালক ব্রিলানতে মেনডোজারের মাস্টারক্লাস থাকছে। সেদিন বিকালেই ৪টের সময় এআই এবং সিনেমার ভবিষ্যৎ নিয়ে সেমিনার থাকছে।

By Mithun Roy