‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীরের বন্ধু থেকে শত্রু: ১৫ কেজি ওজন বাড়িয়ে তাক লাগালেন উদয়বীর

‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীর সিং অভিনীত চরিত্র জসকিরত সিং রঙ্গির ছোটবেলার বন্ধু পিন্ডার ভূমিকায় দেখা গিয়েছে উদয়বীর সান্ধুকে। ছবির চিত্রনাট্যে পিন্ডা কেবল এক বন্ধু নয়, বরং এক গুরুত্বপূর্ণ মোড়। গল্পের পরতে পরতে জসকিরতের পরম বন্ধু থেকে পরম শত্রুতে পরিণত হতে দেখা যায় তাকে। উদয়বীরের বলিষ্ঠ অভিনয়, নিখুঁত পাঞ্জাবি উচ্চারণ এবং রণবীরের সঙ্গে তাঁর দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে।

তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে উদয়বীরের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। এই ছবিতে তাঁকে ২০ বছর এবং ৪০ বছর— এই দুই ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। পিন্ডা চরিত্রের এই বিবর্তন ফুটিয়ে তুলতে উদয়বীরকে প্রথমে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল, এবং পরবর্তীতে সেই বাড়তি মেদ ঝরিয়ে আবার পেশিবহুল চেহারায় ফিরতে হয়েছিল। নিজের এই অভিজ্ঞতা ভাগ করে অভিনেতা বলেন, “এই চরিত্রের জন্য অনেক রক্ত, ঘাম এবং চোখের জল ঝরিয়েছি। নিজের শরীরের ওপর এতটা নিয়ন্ত্রণ আছে, তা আগে কখনও বুঝিনি।”

উল্লেখ্য, উদয়বীর সান্ধু কেবল একজন অভিনেতাই নন, তিনি পাঞ্জাবের জাতীয় স্তরের একজন হকি খেলোয়াড়। ২০১৮ সালে অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির মাধ্যমে তাঁর বলিউড সফর শুরু হয়। হকি খেলোয়াড়দের নিয়ে তৈরি সেই ছবিতে অভিনয়ের পাশাপাশি অন্যান্য অভিনেতাদের হকির প্রশিক্ষণও দিয়েছিলেন তিনি। ‘ধুরন্ধর ২’-এর আগে ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ এবং শেহনাজ গিলের ‘ইক কুড়ি’ ছবিতেও নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা। ভারত ও দক্ষিণ আফ্রিকায় মডেলিংয়ের অভিজ্ঞতা থাকা উদয়বীর এখন ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের হাত ধরে বলিউডে নিজের মাটি আরও শক্ত করলেন।

By nanika