বুধবার ডলারের বিপরীতে ভারতীয় রুপি বড়সড় পতনের মুখে পড়ে ৭২ পয়সা কমে ৯১.৭০-এ গিয়ে দিনের লেনদেন শেষ করেছে। এটিই রুপির নতুন সর্বনিম্ন রেকর্ড।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার টাকা তুলে নেওয়ার কারণে রুপির ওপর চাপ বেড়েছে।
বুধবার সকালে রুপি শুরু হয় ৯১.০৮-এ। পরে দিনের মধ্যে আরও পড়ে গিয়ে সর্বনিম্ন ৯১.৭৫ ছুঁয়ে ফেলে। শেষদিকে সামান্য ঘুরে দাঁড়িয়ে ৯১.৭০-এ বন্ধ হয়। আগের দিন রুপি বন্ধ হয়েছিল ৯০.৯৮-এ।
এদিকে জানুয়ারিতে এখনও পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে ৩০,৩৪৫ কোটি টাকা তুলে নিয়েছে। আর ২০২৫ সালে মোট তুলে নেওয়ার পরিমাণ ছিল প্রায় ১.৬৬ লাখ কোটি টাকা। পাশাপাশি সোনার দাম বাড়ায় আমদানির খরচও বেড়েছে, ফলে রুপির ওপর আরও চাপ পড়েছে।
