খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা জিতলেন সঞ্জিতা

ছত্তিশগড়ে অনুষ্ঠিত ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস’-এ ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন নকশালবাড়ির তরুণী সঞ্জিতা ওরাওঁ। দেশজুড়ে আদিবাসী সম্প্রদায়ের ক্রীড়াবিদদের জন্য এই প্রথমবার আয়োজিত হয় এই প্রতিযোগিতা। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই আসরে দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ অংশ নেন। সাতটি ভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতাতেই ১০ হাজার মিটার দৌড়ে ৪০ মিনিট ২১.৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জয় করেন শিলিগুড়ির নকশালবাড়ির মৌরিজোত গ্রামের বাসিন্দা সঞ্জিতা। বাবা বিজয় ওরাওঁ পেশায় দিনমজুর এবং মা রিতা ওরাওঁ গৃহবধূ। আর্থিক অনটনের মধ্যেই বড় হয়ে ওঠা সঞ্জিতা প্রতিদিন প্রায় ২৫ কিলোমিটার দূরে হাতিঘিসা উচ্চবিদ্যালয়ের অস্থায়ী মাঠে অনুশীলনের জন্য যেতেন। বর্ষাকালে চা বাগানের মধ্যেই চলত তাঁর প্রস্তুতি। তাঁর এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক সুজয় ঘোষ রায়।
সঞ্জিতার এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নকশালবাড়ির এক আদিবাসী চা-শ্রমিক পরিবারের মেয়ে হিসেবে সঞ্জিতার এই জয় সমগ্র রাজ্যের গর্ব। ভবিষ্যতে সঞ্জিতার পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

By Durgasree Mitra