ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল। হিন্দি থেকে বাংলা, কিংবা দক্ষিণী ভাষা—তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ কোটি কোটি শ্রোতা। বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়িকাদের তালিকায় তাঁর নাম ওপরের দিকে থাকলেও, সম্প্রতি তাঁর একটি লাইভ অনুষ্ঠানের পারিশ্রমিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর এই বিতর্কের মূলে রয়েছে শ্রেয়ার ‘অল্প’ পারিশ্রমিক নিয়ে তাঁর অনুরাগীদের অসন্তোষ।সম্প্রতি তেলেঙ্গানায় আয়োজিত ‘গদ্দর ফিল্ম অ্যাওয়ার্ড’-এ পারফর্ম করেছেন শ্রেয়া। এর পরেই ইন্টারনেটে একটি বিলের ‘স্ক্রিনশট’ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, ওই বিশেষ অনুষ্ঠানের জন্য শ্রেয়া পারিশ্রমিক নিয়েছেন মাত্র ১.৬ কোটি টাকা। যদিও এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি দেখার পর থেকেই শ্রেয়ার ভক্তদের একাংশ দাবি করছেন যে, তাঁর মতো মাপের একজন বিশ্বমানের শিল্পীর জন্য এই অংকটি নেহাতই কম।বর্তমানে ভারতের অনেক প্রথম সারির গায়ক বা গায়িকা একটি মাত্র লাইভ অনুষ্ঠানের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করেন। সেই তুলনায় শ্রেয়ার ১.৬ কোটি টাকা নেওয়াকে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। তাদের মতে, শ্রেয়া যে ধরনের প্রতিভার অধিকারী এবং যে জনপ্রিয়তা তিনি দীর্ঘ দুই দশকে অর্জন করেছেন, তাতে তাঁর পারিশ্রমিক আরও অনেক বেশি হওয়া উচিত ছিল।
ভাইরাল হওয়া সেই পোস্টের নিচে একজন অনুরাগী মন্তব্য করেছেন, “আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কর্মজীবনের শুরু থেকেই শ্রেয়া প্রতিটি তেলেগু গান সুপারহিট করিয়েছেন। তিনি তাঁর প্রাপ্য সম্মান বা পারিশ্রমিক পাচ্ছেন না।” অন্য একদল দাবি করেছেন যে, ১.৬ কোটি টাকা শুধুমাত্র শ্রেয়ার নিজের পারিশ্রমিক হতে পারে, এর মধ্যে তাঁর ব্যান্ড বা সহ-শিল্পীদের খরচ অন্তর্ভুক্ত নেই। তবুও ভক্তদের আক্ষেপ—শ্রেয়া নিজের প্রতিভার সঠিক মূল্য নিচ্ছেন না।শোনা যায়, চলচ্চিত্রের একটি প্লে-ব্যাক গানের জন্য শ্রেয়া সাধারণত ২৫ লক্ষ টাকা করে নেন। তবে পারিশ্রমিক নিয়ে শ্রেয়া নিজে কোনোদিন প্রকাশ্যে মুখ খোলেননি। কাজের ক্ষেত্রে তিনি বরাবরই মানের ওপর গুরুত্ব দেন, টাকার ওপর নয়। সম্প্রতি তিনি কাজ থেকে সাময়িক ‘বিরতি’ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, যা নিয়েও ভক্তদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
সংগীত দুনিয়ার এই মেলোডি কুইন বর্তমানে একাধারে রিয়ালিটি শো-র বিচারক এবং বিশ্বজুড়ে কনসার্ট করে বেড়াচ্ছেন। তবে এই পারিশ্রমিক বিতর্ক নিয়ে শ্রেয়া বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
