সারা দেশের পরিযায়ী শ্রমিক এবং পিছিয়ে পড়া মানুষের কাছে সহজে রান্নার গ্যাস পৌঁছে দিতে ৫ কেজির ‘ফ্রি ট্রেড এলপিজি’ সিলিন্ডারের জোগান বাড়িয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। আগের সব বিধিনিষেধ সরিয়ে ৭ এপ্রিল থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ৫ কেজির সিলিন্ডার আধার বা প্যান কার্ডের মাধ্যমেই পাওয়া যাবে। দৈনিক বরাদ্দ দ্বিগুণ করায় শহর ও শহরতলি এলাকায় গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মিটবে বলেই মনে করা হচ্ছে।
এখন থেকে এই ৫ কেজির সিলিন্ডার পেতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র লাগবে না। বদলে আধার কার্ড বা প্যান কার্ডের মতো সাধারণ পরিচয়পত্র এবং একটি নিজস্ব ঘোষণাপত্র জমা দিলেই এই সিলিন্ডার পাওয়া যাবে। এর ফলে পরিযায়ী শ্রমিক, দিনমজুর এবং ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২৩ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে দেশজুড়ে ৮.৯ লক্ষেরও বেশি ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৭ এপ্রিল এক দিনেই রেকর্ড ১.১ লক্ষ সিলিন্ডার বিক্রি হয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করতে সারা দেশে ১,৬০০টিরও বেশি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার এবং তেল সংস্থাগুলো একসাথে কাজ করছে যাতে সবার কাছে সমানভাবে এই সুবিধা পৌঁছাতে পারে।
৫ কেজির গ্যাস সিলিন্ডারের জোগান দ্বিগুণ করল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
