বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ (Border 2)-এর টিজার লঞ্চ ইভেন্টে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর এই সিক্যুয়েলের প্রচার অনুষ্ঠানে এসে প্রয়াত বাবা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের কথায় চোখে জল অভিনেতা সানি দেওলের। বাবার মৃত্যুর পর এই প্রথম জনসমক্ষে আসেন তিনি।টিজার লঞ্চের সময় সানি দেওলকে বর্ডারে তাঁর বিখ্যাত সংলাপটি বলতে অনুরোধ করা হয়। সানি যখন বজ্রকণ্ঠে গর্জন করে ওঠেন, “আওয়াজ কাঁহা তক জানি চাহিয়ে?” তখন উপস্থিত দর্শকেরা সমস্বরে জবাব দেন, “লাহোর তক!”। এই মুহূর্তটির পরই অভিনেতা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ জলে ভরে ওঠে তাঁর। সানি দেওল দ্রুত নিজেকে সামলে নেন, নীরবে চোখ মুছে নেন এবং দর্শকদের দিকে তাকিয়ে ফের মুখে হাসি ফিরিয়ে আনেন। ব্যক্তিগত জীবনে গভীর শোকের আবহেও দেশের প্রতি আবেগ এবং কাজ চালিয়ে যাওয়ার সানির এই প্রয়াস দেখে আবেগে ভেসেছেন ফ্যানেরাও।
২০২৬ সালের অন্যতম সিক্যুয়েল হিসেবে বিবেচিত যুদ্ধের এই ছবিটি ঘোষণা করা হয় মূল ছবির ২৭তম বার্ষিকী উপলক্ষে, অর্থাৎ ২০২৪ সালের ১৩ জুন। ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে তৈরি। ভারতীয় সৈন্যদের সাহসিকতা, একতা এবং আত্মত্যাগের গল্প বলবে এই ছবি। এই ছবিতে সানি দেওল ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি।
