প্রবল শীতে পথ কুকুর দের নিয়ে বিশেষ উদ্যোগ তথাগত ও শ্রীলেখার

নিজের এলাকার পথকুকুর ও বেড়ালদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিয়েছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা‌ জানায়, “আমার এলাকার কুকুর-বেড়ালদের জন্য অনেকগুলো বস্তা কিনেছি একসঙ্গে। সেগুলি রাস্তার কোণে কোণে বিছিয়ে দিয়ে এসেছি, যেখানে সাধারণত ওরা আশ্রয় নেয়। আমার বাড়ির নীচে আমারই এক প্রিয় কুকুর কালুবাবু থাকে। ওর জন্য আমি বিছানার ব্যবস্থা করি প্রতি বছর। এবারও বাদ যায়নি। কিন্তু সকলের জন্য তো এতটা করার ক্ষমতা নেই। সদ্যোজাত বাচ্চাদের জন্যও বিছানার ব্যবস্থা করি। আর পথকুকুরদের জামা পরিয়ে দেওয়ার ব্যবস্থাও করি।”

পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের প্রতিবাদে নিয়মিত সরব শ্রীলেখা। অভিনেত্রীর ক্ষোভ, টলিপাড়ার কেউ তেমন ওদের কথা ভাবে না। বাড়িতে পোষ্য থাকলেও রাস্তার পশুদের জন্য সেই ভাবে ক’জনই বা ভাবে! তাই আক্ষেপ নিয়েই শ্রীলেখা বলেন, “ওদের জন্য ভেবে সত্যিই কী লাভ! লোকে ওদের মেরে ফেলছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে! এদের আর বেঁচে থেকে কী লাভ?

অপরদিকে পথকুকুর ও বেড়ালদের সুরক্ষার জন্য নিয়মিত সচেতনতার বার্তা দেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। এই শীতেও তাই নিজের সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। বাড়িতে থাকা কিছু পুরনো কম্বল নিজের এলাকার রাস্তায় রাস্তায় পেতে রেখেছেন তথাগত। যে জিম-এ যান, তার বাইরে দু’টি কুকুর থাকে। তাদের শোয়ার ব্যবস্থা করেছেন তিনি। তথাগতের কথায়, “এই শীতে কুকুর-বিড়ালদের মতো পাখিদেরও কিন্তু কষ্ট হয়। পাখিদের জন্য পিচবোর্ডের বাক্সের ব্যবস্থা করেছি। আমার বাড়ির বাইরের ঘরের ফল্স সিলিং-এর উপরে অনেকগুলি পায়রা থাকে। সেই পায়রাগুলিকে নিয়মিত খেতে দিই। আমি চাই, মানুষ একটু বুঝুক, আমরা এই প্রবল শীত উপভোগ করলেও, ওরা খুব কষ্ট পাচ্ছে। সেই কষ্টটা যাতে আমরা একটু লাঘব করতে পারি।”

By sonali