বড় পর্দায় ফিরে আসবে ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রটি

আমির খান, আর. মাধবন এবং শারমান জোশি অভিনীত সুপারহিট চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ আবারও প্রেক্ষাগৃহে ফিরছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রায় ১৭ বছর পর আবারও বড় পর্দায় দর্শকদের বিনোদন দেবে। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর বেশ কয়েকটি চলচ্চিত্র পুনরায় মুক্তি পেলেও, সেই তালিকায় ‘থ্রি ইডিয়টস’ অন্তর্ভুক্ত ছিল না।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক দিবস উপলক্ষে ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে ‘থ্রি ইডিয়টস’ পুনরায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। জানা গেছে, ‘এনএইচ স্টুডিওস’ তাদের পুনরায় মুক্তির কৌশলের অংশ হিসেবে এই আইকনিক চলচ্চিত্রটিকে বড় পর্দায় ফিরিয়ে আনছে। এর ফলে নতুন প্রজন্মের দর্শকরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখার অভিজ্ঞতা লাভ করবেন এবং দীর্ঘদিনের ভক্তরা তাঁদের পুরনো স্মৃতিগুলো নতুন করে উপভোগ করতে পারবেন।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি হিসেবে বিবেচিত। চেতন ভগতের উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ -এর ছায়ায় নির্মিত এই ছবিতে আমির খান ‘র‍্যাঞ্চো’ (বা ‘ফুংসুখ ওয়াংডু’)-এর মতো স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। শিক্ষা ব্যবস্থা, বন্ধুত্ব এবং জীবন সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা এই ছবিটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছিল এবং দর্শকদের মাঝে আজও এর জনপ্রিয়তা অটুট রয়েছে।

By Arpita Debnath