মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন বরুণ সান্যাল

আসন্ন এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন বরুণ সান্যাল। এই প্রথম এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। আর এই ইভেন্টে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নামতে চলেছেন বরুণ। তাঁর জাপান সফরেও সম্প্রতি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের পুত্র বরুণ পুরুষদের ৭৭ কেজি ট্র্যাডিশনাল এমএমএ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০ সেপ্টেম্বর নাগোয়ার ইনায়ি স্পোর্টস সেন্টারে শুরু হবে তাঁর ইভেন্ট।

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সুবাদে এশিয়াডের সংযোজিত তালিকায় জায়গা পেয়েছেন বরুণ। ২০২২ পশ্চিমাঞ্চল চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ ও ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। চলতি বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে পেয়েছেন ব্রোঞ্জ। ২০২২ এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালেও উঠেছিলেন এবং ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেন। বর্তমানে বিদেশেই এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন বরুণ।

By Durgasree Mitra