টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন সুজি বেটস?

আন্তর্জাতিক ক্রিকেটে পেরিয়ে গিয়েছে দুই দশকেরও বেশি সময়। এবার অবসর ঘোষণা করলেন নিউ জিল্যান্ডের ক্রিকেটার সুজি বেটস। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বেটসের। তারপর থেকে দীর্ঘ ২০ বছর ধরে দুর্ধর্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ১০,৬৮১। দেশের হয়ে ১৮১টি এক দিনের ম্যাচ এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৮ বছর বয়সি এই ক্রিকেটারের আন্তর্জাতিক শতরানের সংখ্যা ১৪।

পরিসংখ্যানের নিরিখেও অনন্য বেটস। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ৪৭১৭ রান তাঁর দখলে, এক দিনের ক্রিকেটে করেছেন ৫৯৬৪ রান। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। পাশাপাশি, একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ২৫ হাজারেরও বেশি রান করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১১ সাল থেকে প্রায় সাত বছর নিউ জিল্যান্ড দলের অধিনায়কত্বও করেছেন তিনি।

ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবলেও সমান পারদর্শী তিনি। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন এই তারকা।  

By Durgasree Mitra