ফের ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা অঙ্কিতকে

২০১৯ সালে সম্প্রচারিত জনপ্রিয় ‘নেতাজি’ ধারাবাহিকে শৈশবের সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিল অঙ্কিত মজুমদার। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে নিয়মিতভাবে ছোটপর্দায় আর দেখা যায়নি তাকে। তবে বড়পর্দায় বেশ কিছু কাজ করেছে সে।

এবার আবার ধারাবাহিকে ফিরছে অঙ্কিত। খবর, জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে পার্শ্ব চরিত্রে দেখা যাবে তাকে। বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র সে। অভিনেতার মা ললিতা মজুমদার আগেই জানিয়েছিলেন, পড়াশোনার ক্ষতি করে নিয়মিত অভিনয় করা সম্ভব নয়। এখনও সেই অবস্থানেই অনড় পরিবার। তবে  আপাতত পরীক্ষার চাপ না থাকায় ফের অভিনয়ে মন দিয়েছে অঙ্কিত।

ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসেবে গড়ে তুলতে চায় কলা বিভাগের ছাত্র অঙ্কিত। লক্ষ্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করা। সেই প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সে।

উল্লেখ্য, ‘মৃগয়া ১.৫’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘ক্যুইন্স’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংও সম্প্রতি শেষ করেছে অঙ্কিত। পড়াশোনা ও অভিনয় দুইয়ের ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে চায় এই তরুণ অভিনেতা।

By Durgasree Mitra