জন্মদিনে দক্ষিণেশ্বরে টোটা,পরিণতির রহস্য জানালেন অভিনেতা

বুধবার জন্মদিন অভিনেতা টোটা রায়চৌধুরীর। সকাল থেকেই ব্যস্ত তিনি, শুটিং বা ডাবিংয়ে নয়। প্রতি বছরের নিয়ম, তিনি এদিন সকালে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। মা ভবতারিণীর পুজো দেন। আশীর্বাদ নেন ঈশ্বরের। সংবাদমাধ্যমে টোটা বললেন, “কাজ তো সারা বছর আছে। বছরের একটা দিন আয়েশ করে পরিবারের সকলের সঙ্গে কাটানোর দিন।”

সারা বছর খাওয়াদাওয়ায় প্রবল সংযমী হলেও এদিন সেক্ষেত্রে অভিনেতা নিজেকে ছাড় দেন। “অনেক বছর ভরপেট খাওয়া ছেড়ে দিয়েছি। ২২ বছরের খিদে কি আর এখন থাকে?” হাসতে হাসতে দাবি তাঁর। টোটার ভাষায়, মোটা হওয়ার যাবতীয় খাবার সেদিন তিনি খান। মায়ের হাতের পায়েস, মাংস, মিষ্টি, কেক সবই এদিন থাকে তাঁর পাতে।

সময়ের গতিতে টোটা আরও পরিণত। ফাঁস করলেন তাঁর বয়স ধরে রাখার গোপন রহস্য। “জীবন থেকে বেশি প্রত্যাশা করি না। অল্পে সন্তুষ্ট। কারও প্রতি কোনও ঈর্ষা নেই। যা পাচ্ছি, যেটুকু পাচ্ছি তাতেই খুশি।”

By Durgasree Mitra