ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী করিশ্মা শর্মা। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর অভিনেত্রী নিজেই সেই রোমহর্ষক অভিজ্ঞতা ভাগ করে নেন সমাজমাধ্যমে। জানা গিয়েছে, বুধবার সকালে শুটিংয়ের উদ্দেশ্যে ট্রেনে চেপেছিলেন তিনি। গন্তব্য ছিল চার্চগেট।
করিশ্মা জানান, তিনি সেদিন শাড়ি পরে ট্রেনে উঠেছিলেন। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার পর খেয়াল করেন, তাঁর বন্ধুরা ওঠেনি। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন তিনি।
এই ভয়াবহ সিদ্ধান্তের ফলেও মারাত্মক চোট পান করিশ্মা। তিনি লেখেন, “আমি ট্রেনে উঠেছিলাম ঠিকই, কিন্তু দেখি আমার বন্ধুরা উঠতে পারেনি। তখন ট্রেনের গতি বেড়ে গিয়েছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি এবং মাথায় প্রচণ্ড আঘাত পাই।”
চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করিশ্মা জানান, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, পিঠে ও মাথায় চোট পেয়েছেন। মাথা ফুলে গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে এমআরআই করানো হয় এবং তাঁকে একদিন নজরদারিতে রাখা হয়।
অনুরাগীদের উদ্দেশ্যে করিশ্মা বলেন, “গতকাল থেকে আমি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছি, কিন্তু সাহস হারাচ্ছি না। আপনারা প্রার্থনা করবেন আমার জন্য, ভালোবাসা পাঠাবেন।”
চলন্ত ট্রেন থেকে আচমকা ঝাঁ*প! বড় দুর্ঘ*টনায় আ*হত অভিনেত্রী
