বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরত ভরুচা, হাসপাতালে ভর্তি

দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরত ভরুচা। কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী, জানা গিয়েছে এমনই। বর্তমানে বালির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

কাজের সূত্রে বালিতে গেলেও, পরে আরও কয়েক দিন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরত। কিন্তু বিদেশে গিয়ে অঘটনের মুখে পড়লেন অভিনেত্রী। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে বা তাঁর শরীরের কোথায় চোট লেগেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

বালিতে কাজের ফাঁকে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানকার সময় উপভোগ করছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পরেও কয়েক দিন বালিতে থাকার পরিকল্পনা ছিল তাঁর। এর মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। নুসরতের আগামী কাজ নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। টাইগার শ্রফের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে প্রথম বার একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে।

ছবিতে নুসরতের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। এক সূত্র জানিয়েছেন, এমন এক জন অভিনেত্রীকে প্রয়োজন ছিল, যিনি চরিত্রটির দৃঢ়তা এবং আবেগ, দুটোই ফুটিয়ে তুলতে পারবেন। নুসরতকে সেই চরিত্রের জন্য উপযুক্ত মনে করা হয়েছে। ছবিতে তাঁর চরিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তাঁকে একেবারে অন্য রূপে দেখা যাবে বলেও জানা গিয়েছে।

টাইগার এবং নুসরত ছাড়াও ছবিতে রয়েছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এলবিশ যাদব। তাঁদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। শেষ বার ‘উফ্‌ফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে সোহম শাহের সঙ্গে দেখা গিয়েছিল নুসরতকে। হাস্যরস এবং রহস্যের মিশেলে তৈরি সেই ছবির পরে এ বার টাইগার শ্রফের সঙ্গে নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। তবে তার আগেই বালিতে দুর্ঘটনার খবর ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

By Paromita