কে অপরাধী আর কে নির্দোষ? এই প্রশ্নের উত্তর বারবার ধোঁয়াশার আড়ালে ঢেকে যায় পরিচালক অদিতি রায়ের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-তে। গল্পের কেন্দ্রে রয়েছে এসপি রানা সিংহের রহস্যমৃত্যু। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্তে দেখা যায়, রানা সিংহকে খুন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এলেও ধীরে ধীরে সন্দেহের তির ঘুরে যায় তাঁর ঘনিষ্ঠদের দিকেই। রানা সিংহের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন।
রানা সিংহের স্ত্রী রাধিকার ভূমিকায় দেখা যাবে সুস্মিতা দে’কে। তিনিও পুলিশের সন্দেহভাজনদের তালিকায়। অন্যদিকে, রাধিকারের বোন দেবিকার চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ, যার আচরণে শুরু থেকেই রহস্যের ইঙ্গিত মেলে।
রহস্য উন্মোচনের দায়িত্ব এসে পড়ে ডিএসপি অগ্নি বসুর ওপর। এই চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। তিন বোনের সম্পর্ক ও তাদের ব্যক্তিগত দ্বন্দ্বও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সবচেয়ে ছোট বোন ঈশিকার চরিত্রে রয়েছেন অঙ্গনা রায়।
পরিচালকের সুনিপুণ নির্মাণে এই সিরিজে উঠে আসে এমন এক পরিবেশ, যেখানে কুয়াশা যেন সত্যকে আড়াল করে রাখে। প্রতিটি পরতে পরতে বদলে যায় বাস্তবতার সংজ্ঞা, আর সন্দেহের দৃষ্টি এক চরিত্র থেকে অন্য চরিত্রে ঘুরে বেড়ায়।
