বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুষ?

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-পরিচালক ধনুষ কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? সম্প্রতি তাঁর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

রবিবার একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ধনুষ সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন। এই ঐক্যের মধ্যে বিরাট শক্তি রয়েছে। আমরা চাই, এই শক্তিকে শুধু সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে কাজে লাগাতে। নিজেদের এলাকার মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করুন এবং সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ান। আমি চাই, তোমাদের কাজের জন্য গর্ব অনুভব করতে।”

ধনুষের এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের মতে, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুরাগীদের সক্রিয়ভাবে যুক্ত করার এই আহ্বান তাঁর সম্ভাব্য রাজনৈতিক ইনিংসের ইঙ্গিত হতে পারে। কেউ কেউ মনে করছেন, খুব শীঘ্রই তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারেন।

চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে আসা নতুন ঘটনা নয়। সম্প্রতি অভিনেতা থলপতি বিজয় নিজের রাজনৈতিক দল গঠন করে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই এমন জল্পনা আরও জোরালো হয়েছে। সেই প্রেক্ষাপটে ধনুষের মন্তব্য ঘিরে অনুরাগীদের কৌতূহল বাড়ছে।

By Durgasree Mitra