নিট বিতর্কের আবহে আবার সলমনের রহস্যময় পোস্ট, শারীরচর্চার ছবি দিয়ে কী বার্তা অভিনেতার?

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্যের পর আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা সলমন খান। তাঁর সমাজমাধ্যমের নতুন পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। জিমে শারীরচর্চার পর তোলা কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, “যে ভয় পাবে, সে মরে যাবে।” এই পোস্টের অন্তর্নিহিত অর্থ কী? তা অবশ্য জানা যায়নি।

ইনস্টাগ্রামে যে ছবিগুলো ভাগ করে নিয়েছেন তিনি, সেখানে তাঁকে কালো পোশাকে জিমের মধ্যে দেখা গিয়েছে। দীর্ঘ শারীরচর্চার পর নিজের ফিটনেসের ঝলকও তুলে ধরেছেন তিনি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর লেখা। নিট বিতর্কে তাঁর অবস্থানের পর এই মন্তব্যের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেতা নিজে কোনও ব্যাখ্যা দেননি।

এর আগে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে সরব হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সলমন। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন,“ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও নিরাপত্তাই সবার আগে।” পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আন্দোলনরত পড়ুয়াদের শান্ত থাকার এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার আবেদনও জানান অভিনেতা।

অন্য দিকে, সম্প্রতি সলমনের একটি ভিডিয়োও ভাগ করে নিয়েছেন। যেখানে নায়কের শারীরিক গঠন ও স্বাস্থ্য নিয়েও সমাজমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়েছিল। সেই আবহেই জিমের নতুন ছবি এবং আত্মবিশ্বাসী বার্তা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, অভিনেতাকে আগামী দিনে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিকে ঘিরেও দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

By Paromita