‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজ়ন ১৮-এর সাম্প্রতিক পর্বের শুরুতেই নিজের হাঁটুর চোটের কথা দর্শককে জানালেন অমিতাভ বচ্চন। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অভিনেতা। তবে এ দিন তাঁকে বসে বসেই নিজের পরিচিত সংলাপ বলতে দেখা যায়।
অমিতাভ বলেন, “সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়েই আমার সংলাপ বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট রয়েছে।” কী ভাবে চোট পেয়েছেন, তা জানাতে গিয়ে তিনি বলেন, “শুটিংয়ের সময় আমি পিছলে পড়ে যাই এবং আমার হাঁটুতে চোট লাগে।”
তবে চোট গুরুতর নয় বলেই দর্শককে আশ্বস্ত করেছেন অভিনেতা। তাঁর কথায়, চাইলে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। কিন্তু দাঁড়ানোর সময় তাঁর একটু সমস্যা হচ্ছিল, তাই এ দিন বসেই অনুষ্ঠানটি শুরু করার সিদ্ধান্ত নেন অমিতাভ।
হাঁটুর এই চোটের মধ্যেও কাজ থেকে বিরতি নিচ্ছেন না অমিতাভ। ‘কেবিসি ১৮’-র পাশাপাশি একাধিক কাজ রয়েছে তাঁর হাতে। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি ২’-এ ফের অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২৬ সালের অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
এ ছাড়াও ঋভু দাশগুপ্তের পরিচালিত কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দি ইন্টার্ন’-এর হিন্দি রিমেকও প্রযোজনার দিকে এগোচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অমিতাভের শুটিং সেটে চোট পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘কল্কি ২৮৯৮ এডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁর পাঁজরের ডান দিকে চোট এবং পেশিতে টান লেগেছিল। সেই সময় নড়াচড়া করা এবং শ্বাস নেওয়ার সময়ও ব্যথা হচ্ছিল বলে জানিয়েছিলেন অভিনেতা। শুটিং বন্ধ রেখে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে পরে ফের কাজে যোগ দেন তিনি।
