‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা আর পারছেন না অমিতাভ, অবসরের ইঙ্গিত বিগ বি-র

বহু বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। তবে এই শো যে শুধু প্রশ্ন-উত্তর আর পুরস্কারের টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সম্প্রতি নিজের ব্লগে সে কথাই জানালেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু আর এই শো-এর ভার বহন করতে পারছেন না তিনি, দিন দিন সবটা কঠিন হয়ে উঠছে। এমন ইঙ্গিতই দিলেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে প্রতিযোগীরা প্রায়ই তাঁদের জীবনের লড়াই, কঠিন পরিস্থিতি এবং ঘুরে দাঁড়ানোর গল্প শোনান। তাঁদের অনেকের কাহিনি অমিতাভকেও আবেগপ্রবণ করে। ব্লগে সঞ্চালনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিগ বি। তাঁর বক্তব্য, কয়েক জন প্রতিযোগী এমন গুরুতর এবং কঠিন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে, আবেগ সামলে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। এই অভিজ্ঞতা অমিতাভের কাছে ‘হৃদয়বিদারক’ বলেও তিনি জানান।

এমন কিছু গল্প রয়েছে, যা তিনি বিস্তারিত ভাবে প্রকাশ্যে আনতে চান না বলেও জানিয়েছেন। প্রতিযোগীদের জীবনের বেশ কিছু ঘটনা শুনে মনখারাপ হয়েছে বলেও জানান অমিতাভ।

৭ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, “কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাঁদের জন্য আমাদের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। এ নিয়ে আর বেশি কিছু বলব না। তবে এটি সত্যিই হৃদয়বিদারক অভিজ্ঞতা। এখন অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে। রাত আমাকে ডাকছে। সকলকে ভালবাসা।”

গত ১০ অগস্ট শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম সিজ়ন। এ বারও সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। চলতি সিজ়নের থিম ‘সোচনা পড়েগা’। অর্থাৎ কোনও প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাল করে ভাবতে হবে প্রতিযোগীদের।

চলতি সিজ়নে ইতিমধ্যেই বেশ কয়েক জন প্রতিযোগী তাঁদের আর্থিক সমস্যা, ব্যক্তিগত লড়াই এবং জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন। এই গল্পগুলি শুনেই মন ভেঙে যায় অমিতাভের। তাই ক্রমশ এই অনুষ্ঠানের সঞ্চালনা তাঁর পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে।

By Paromita