গ্যাংটকে শুটিং করতে গিয়ে প্র*য়াত বাংলার টেকনিশিয়ান

সিকিমের গ্যাংটকে ছবির শুটিংয়ে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার এক টেকনিশিয়ানের। মৃতের নাম পিন্টু মণ্ডল (৪৬)। তিনি টালিগঞ্জের টেকনিশিয়ান মহলে ‘লাইট বয়’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সকালে গ্যাংটকের একটি সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সহকর্মী বাবর আলি মোল্লা (৩৬)।

জানা গিয়েছে, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ‘মিশন মির্চি’ নামে একটি হিন্দি ছবির শুটিং চলছিল গ্যাংটক ও সংলগ্ন এলাকায়। সোমবার শুটিং চলাকালীন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে পিন্টু ও বাবরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাবরের একটি হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, টেকনিশিয়ানের মৃত্যুর পরেও শুটিং চালু থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন টালিগঞ্জের ম্যানেজার্স গিল্ডের সহ-সম্পাদক নিরুপম দে। মৃত ও আহত কর্মীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও উঠেছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে খবর।  

By Durgasree Mitra