বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা মুশতাক খান

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা মুশতাক খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। শোনা গিয়েছিল, ফুসফুসে ক্যানসার হয়েছিল তাঁর। যদিও পরে অভিনেতার ব্যবসায়িক সহযোগী শিবম জানান, লিভার ক্যানসারের কারণেই মৃত্যু হয়েছে। গত ১৫ দিন ধরে শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মুশতাক। শুক্রবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্‌সা কিঁউ আতা হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন মুশতাক। তার পর চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আশিকি’, ‘দিল হ্যায় কী মানতা নেহী’, ‘হম হ্যায় রাহী প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড!’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

দর্শকের কাছে অবশ্য মুশতাক বিশেষ ভাবে পরিচিত তাঁর হাস্যরসাত্মক চরিত্রগুলির জন্য। ‘ওয়েলকাম’ ছবিতে নানা পটেকরের অভিনীত উদয় শেট্টীর দলের এক সদস্যের ভূমিকায় তাঁর অভিনয় এখনও দর্শকের মনে রয়েছে। সময়ের সঙ্গে সেই চরিত্রের নানা দৃশ্য সমাজমাধ্যমে বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছে।

বড়পর্দার পাশাপাশি আশির দশক থেকে ছোটপর্দাতেও নিয়মিত কাজ করেছেন মুশতাক। ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘ অভিনয়জীবনে কখনও মুখ্য চরিত্রে, কখনও বা বড় তারকাদের ভিড়ে পার্শ্বচরিত্রে— নিজের উপস্থিতি আলাদা করে জানান দিয়েছেন মুশতাক। কমেডি থেকে নাটক, বাণিজ্যিক ছবি থেকে টেলিভিশন— বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। বলিউডে নিজের জায়গা তৈরি করার পথও সহজ ছিল না। অভিনয়জীবনের নানা ওঠাপড়া এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন অভিনেতা।

By Paromita