‘পুরোপুরি বিধ্বস্ত, খেলতে চাই না’! অবসরের পথেই কি রোহিত?

ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গুরুগ্রামের এক শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর মঞ্চে দাঁড়িয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছেন রোহিত।২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে, হৃদয় ভেঙে টুকরো হয়েছিল ১৩৪ কোটি দেশবাসীর। আর সেবার রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছিল কাপযুদ্ধে। টানা ন’ম্যাচ জিতেই ফাইনালে উঠেছিল ভারত। আর তীরে এসেই ডুবেছিল তরী।

রোহিত সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি আর এই খেলাটা খেলতে চাই না। কারণ এটা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল এবং আমার মনে হচ্ছিল আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।

সবাই খুবই হতাশ হয়ে পড়েছিল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে কী ঘটেছে। ব্যক্তিগত ভাবে আমার জন্য খুব কঠিন সময় ছিল। কারণ আমি বিশ্বকাপের মাত্র দুই বা তিন মাস আগে নয়, বরং ২০২২ সালে অধিনায়ক হওয়ার পর থেকে বিশ্বকাপেই সবকিছু দিয়েছিলাম।আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওডিআই বিশ্বকাপ। তাই যখন বিশ্বকাপব পেলাম না, তখন আমি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিলাম। আমার শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। নিজেকে সুস্থ করে তুলতে এবং ফিরে আসতে আমার কয়েক মাস সময় লেগেছিল।আমার কিছুটা সময় লেগেছিল। নিজেকে বারবার মনে করিয়ে ছিলাম যে, এটা এমন কিছু যা আমি সত্যিই ভালোবাসি। বিশ্বকাপ আমার চোখের সামনেই ছিল, আর আমি এত সহজে এটাকে হাতছাড়া করতে পারি না! ধীরে ধীরে নিজের পথে শক্তি নিয়ে ফিরে এলাম। আবার সক্রিয় হলাম।’

হতাশার সঙ্গে লড়াই করে, নিজেকে গুছিয়ে নেওয়া এবং নতুন করে শুরু করার ব্যাপারে এটা আমার জন্য বিরাট শিক্ষা ছিল। আমি জানতাম যে ২০২৪ সালে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে এবং আমাকে আমার সমস্ত মনোযোগ সেদিকেই সরিয়ে নিতে হবে। এখন এই কথা বলাটা খুব সহজ, কিন্তু সেই মুহূর্তে কাজ অত্যন্ত কঠিন ছিল।আমদাবাদে অস্ট্রেলিয়ার কাছে সেই হারের এক বছরেরও কম সময়ের মধ্যে রোহিত আমেরিকায় ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ঠিকই। কিন্তু ২০২৩ নভেম্বরের সেই পরাজয়ের যন্ত্রণার দগদগে ক্ষত আজও তাঁর বুকে।

আসন্ন ২০২৭ বিশ্বকাপে রোহিত একবার শেষ চেষ্টা করবেন। কারণ তারপর রোহিত আন্তর্জাতিক ক্রিকেটকে যে আলবিদা বলবেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তিনি এখন শুধুই ওডিআই খেলেন। টেস্ট এবং টি-২০আইকে তিনি আলবিদা বলেছেন আগেই।

By sonali