দ্বিতীয় বার মা হয়ে নতুন উদ্যোগের ভাবনা দীপিকার

দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন দীপিকা পাড়ুকোন। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দু’বছর পর ফের কোল আলো হয়েছে দীপিকা ও রণবীর সিংহের। সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবর জানিয়েছিলেন তাঁরা।

তবে দীপিকার জীবনে মাতৃত্বের এই নতুন অধ্যায় শুধুই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। শোনা যাচ্ছে, মাতৃত্বের শুরুর দিনগুলিকে কেন্দ্র করে নতুন একটি ভাবনা নিয়ে নীরবে কাজ করছেন অভিনেত্রী। এই উদ্যোগের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, দুই সন্তানের মা হওয়ার যে অভিজ্ঞতা, সেটাই তাঁর ভাবনার নেপথ্যে রয়েছে।

এই উদ্যোগের ভাবনা বাস্তবায়িত করার কাজে দীপিকার সঙ্গে রয়েছেন সাবিকা পাটনী। আমেরিকা এবং ভারত, দুই দেশেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবিকার। স্বাস্থ্য পরিষেবা এবং ভোগ্যপণ্য সংক্রান্ত সংস্থায় কাজ করেছেন তিনি। সম্প্রতি তাঁর কাজের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে মহিলাদের স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য।

এর আগে একাধিক বার মাতৃত্ব এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার বিষয়ে কথা বলেছেন দীপিকা। পরিবার বৃদ্ধি হলেও তাঁর কাজের ব্যস্ততা কমেনি। চলতি বছরের শুরুতে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা থাকাকালীনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন অভিনেত্রী।

মানসিক স্বাস্থ্যের সচেতনতা তৈরির কাজেও দীর্ঘদিন ধরে যুক্ত দীপিকা। ২০১৫ সালে নিজের অবসাদ এবং উদ্বেগের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানানোর পর তিনি ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল এই সংস্থার অন্যতম লক্ষ্য।

মাতৃত্বের নতুন পর্ব শুরু হলেও কাজ থেকে দূরে সরে যাচ্ছেন না দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতেও রয়েছেন দীপিকা।

By Paromita