সমাজমাধ্যম থেকে নিজেকে আড়ালে রাখতে চান আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ২০২২ সালে মা হয়েছেন আলিয়া। মা হওয়ার পর জীবনে নতুন মোড় এসেছে অভিনেত্রীর।
এখন আর আগের মতো নিজেকে খুঁজে পান না তিনি। আগের চেয়ে তিনি এখন অনেক বেশি সংযত। ব্যক্তিগত জীবন নিয়ে বেশী আলোচনা ভালো লাগে না নায়িকার। তাঁর কথায়, ‘‘এখন প্রায়ই সমাজমাধ্যম ডিলিট করে দিতে ইচ্ছে হয়। শুধু অভিনয় আর পরিবার নিয়েই থাকতে চাই। কিন্তু সমাজমাধ্যম থেকে সরে গেলে আমার দর্শকের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে।“ এ কথা ভেবেই যেন পিছিয়ে আসেন অভিনেত্রী।
যদিও মেয়ে রাহার জন্য বছরে এখন একটা করেই ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মধ্যেই মেয়ের সমস্ত ছবি নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলেছেন অভিনেত্রী। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নায়িকার।
উল্লেখ্য, এই মুহূর্তে ‘আল্ফা’ এবং ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বর্তমানে অ্যাকশনধর্মী ছবিতে মজেছেন আলিয়া। ‘আল্ফা’ ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ ও ববি দেওলকে। অন্যদিকে, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া ছাড়াও থাকছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।
