অরিজিতের মতো প্লেব্যাক থেকে বিরতি চান শ্রেয়া?

চলতি বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, তিনি  ছবিতে আর প্লেব্যাক করবেন না। সেই সিদ্ধান্তে অনুরাগীরা বিস্মিত হলেও, শিল্পীর এই পদক্ষেপকে সাহসী বলেই মনে করছেন অনেকেই। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালও জানিয়েছেন, অরিজিতের সিদ্ধান্ত তাঁকে ভাবতে বাধ্য করেছে।

তবে কি অরিজিতের পথেই হাঁটতে চলেছেন শ্রেয়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। গায়িকার বক্তব্য, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন কাজের পর এখন কিছুটা বিরতি নেওয়ার প্রয়োজন অনুভব করছেন।

২০০২ সালে ‘দেবদাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন শ্রেয়া ঘোষাল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় থেকে ওড়িয়া সহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এমনকি বর্তমানে নারীকণ্ঠে বলিউডের প্রথম সারির গায়িকা শ্রেয়া।  

তবে সাম্প্রতিক সময়ে সংগীতজগতে ‘লিপ সিঙ্ক’-এর বাড়বাড়ন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গায়িকা। তাঁর স্পষ্ট বক্তব্য, “যে দিন আমাকে লিপ সিঙ্ক করে গান গাইতে হবে, সে দিন থেকেই আমি পুরোপুরি গান গাওয়া বন্ধ করে দেব।”

কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’-র মতো গান আর গাইতে চান না। এবার সেই মন্তব্যের পরই জোর জল্পনা বিনোদন দুনিয়ায়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি।

By Durgasree Mitra