আমির খান ও আশুতোষ গোয়ারীকরের বহু প্রতীক্ষিত ছবি ‘লালকারা’য় নতুন মোড়। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যাবে না ফরহান আখতারকে। তাঁর জায়গায় ছবিতে যোগ দিয়েছেন অভিনেতা সিদ্ধান্ত গুপ্ত। তবে পর্দার সামনে না-থাকলেও ছবির সঙ্গে থাকছেন ফরহান, প্রযোজক হিসাবে।
বলিউড সূত্রের খবর, এই ছবিতে অভিনয় থেকে ফরহানের সরে দাঁড়ানোর নেপথ্যে কোনও জটিল সমীকরণ নেই। সঙ্গীত পরিচালক আরডি বর্মনের জীবনীচিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হবে তাঁকে। নীরজ পাণ্ডে পরিচালিত সেই ছবিতে নিজের চরিত্রের জন্য কয়েক মাস ধরে বিশেষ প্রস্তুতির প্রয়োজন। পাশাপাশি ‘লালকারা’ ছবির জন্যও কঠিন ক্রিকেট অনুশীলন এবং দীর্ঘ শুটিংয়ের পরিকল্পনা ছিল। দুটি বড় প্রজেক্টের সময়সূচি একসঙ্গে মেলানো সম্ভব না-হওয়ায় শেষপর্যন্ত ক্রীড়ানির্ভর এই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন ফরহান। যদিও এই পরিবর্তনে ছবির প্রযোজনা বা কাজের গতিতে কোনও প্রভাব পড়ছে না বলেই খবর। নির্মাতারা ইতিমধ্যেই ফরহানের বিকল্প হিসাবে সিদ্ধান্তকে বেছে নিয়েছেন।
টেলিভিশন ও ওয়েব সিরিজ়ের পরিচিত মুখ সিদ্ধান্ত। তাঁকে ‘ইনসাইড এজ’, ‘জুবিলি’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এর মতো সিরিজ়, সিনেমায় দেখেছে দর্শক। এ বার অভিনেতাকে এই ছবিতে দেখা যাবে আমিরের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে।
‘লালকারা’র ক্ষেত্রে অন্যতম আকর্ষণীয় বিষয় হল আমির এবং আশুতোষের পুনর্মিলন। ২০০১ সালে ‘লগান’-এর ঐতিহাসিক সাফল্যের পরে আবার একসঙ্গে কাজ করছেন এই জুটি। ক্রিকেটের আবেগ, বন্ধুত্ব এবং দেশের গৌরব— এই তিন স্তম্ভকে ঘিরেই এগোবে ছবির গল্প।
১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ়কে পটভূমি করে তৈরি হচ্ছে ‘লালকারা’। ছবিতে আমির পর্দায় ফুটিয়ে তুলবেন স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথকে। দেশভাগের পর প্রথম ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ়ে তাঁর নেতৃত্ব এবং সেই সময়ের ক্রিকেটীয় আবেগই রয়েছে ছবির কেন্দ্রে।
