রহস্য-রোমাঞ্চে মোড়া ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

রহস্য, রোমাঞ্চ ও অজানা আতঙ্কের আবহে তৈরি নতুন বাংলা ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের। ছবির কাহিনি ও পরিচালনায় রয়েছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজক হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক আপাত শান্ত ও নিরীহ গ্রামকে ঘিরে, যার প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভয়, রহস্য এবং অজানা অন্ধকার। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের মুখোশের আড়ালে রয়েছে একাধিক গোপন সত্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঘন জঙ্গল।

গল্পে মোড় আসে একটি কালো চিতাবাঘের সন্ধানকে কেন্দ্র করে। সেই অনুসন্ধানই সামনে এনে দেয় এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু লুকিয়ে রয়েছে গ্রামের অন্ধকারে।

অভিনয়ে রয়েছেন অনিন্দিতা বোস, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিনী চ্যাটার্জী, শুভ বিশ্বাস এবং সৌম্য মজুমদার। ছবির সঙ্গীত পরিচালনায় আছেন তুনাই দেবাশিস গাঙ্গুলী। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রওয়ানি।

সাসপেন্স ও রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরপুর ‘ঘুণ গাঁও’-এর গল্পের প্রতিটি বাঁকে থাকবে চমক। নির্মাতারা জানিয়েছেন, এটি আসলে গল্পের ‘চ্যাপ্টার ১’। ভবিষ্যতে এই গল্পের আরও অধ্যায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এখন শুধুই শুভমুক্তির অপেক্ষা।

By Durgasree Mitra