চোট সারিয়ে ফিরছেন হর্ষিত, আফগান সিরিজের আগে যোগ দিতে পারেন ভারতীয় শিবিরে

চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হর্ষিত রানা। আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচের আগেই তিনি জাতীয় দলে যোগ দিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত। এরপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন এবং গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি। পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দীর্ঘ সময় ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

সূত্রের খবর, ভারতীয় দলের নির্বাচকরা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর হর্ষিতকে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি আরও কিছুদিন বেঙ্গালুরুতেই অনুশীলন চালিয়ে যেতে চান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, হর্ষিতের ফিটনেস পরিস্থিতি সন্তোষজনক হলেও ম্যাচ খেলার অনুমতির আগে ১৭ জুনের দিকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তাকে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে হর্ষিতের নামও রয়েছে। তবে তার মাঠে ফেরা পুরোপুরি নির্ভর করছে মেডিক্যাল টিমের চূড়ান্ত অনুমোদনের উপর।

By Durgasree Mitra