শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রাপকদের তালিকা। পাশাপাশি উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে সম্মানিতদের নামও ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের ঘোষণা অনুযায়ী মোট ১০৮ জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে বাংলার বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।
লোকশিল্প, সঙ্গীত, নৃত্য ও থিয়েটার—সব ক্ষেত্রেই বাংলার শিল্পীরা জায়গা করে নিয়েছেন তালিকায়। পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পী নৃপেন সহিস ২০২৪ সালের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। একইভাবে ২০২৫ সালের ছৌ নৃত্য বিভাগে সম্মানিত হচ্ছেন সোমনাথ। সঙ্গীত বিভাগে ২০২৪ সালের পুরস্কার পেয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায় (তবলা) এবং প্রভাতী মুখোপাধ্যায় (সুগম সঙ্গীত)।
থিয়েটার ক্ষেত্রে আলোকসজ্জা বিভাগে পুরস্কার পেয়েছেন দীনেশ পোদ্দার। এছাড়া উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ২০২৫-এর থিয়েটার বিভাগে সায়ক মিত্র এবং আকাশ মল্লিক সম্মানিত হয়েছেন। প্রায় ৩২ বছর পর কোনো বাঙালি আবার মঞ্চ আলোকসজ্জা বিভাগে এই পুরস্কার পেলেন। এর আগে ১৯৯৪ সালে কনিষ্ক সেন এবং ১৯৭৪ সালে তাপস সেন এই সম্মান পেয়েছিলেন।
দীনেশ পোদ্দার ১৯৯৫ সাল থেকে থিয়েটার ও মঞ্চ আলোর কাজ করছেন। তিনি শ্যামানন্দ জালানের পদাতিক ডান্স সেন্টারের সঙ্গে কাজ শুরু করেন। এরপর আন্তর্জাতিকভাবে ৪,০০০-এরও বেশি শো-তে তিনি আলোকসজ্জার কাজ করেছেন এবং ৫০টিরও বেশি নাটকে কাজ করেছেন। কলকাতার বহু দুর্গাপুজোর আলোকসজ্জাতেও তাঁর বড় ভূমিকা রয়েছে।
