জনপ্রিয় একের পর এক সব ধারাবাহিক, নতুন কাজ শুরুর আগে কী বললেন অভিনেত্রী?

সাড়ে সাত বছরের অভিনয় জীবন অভিনেত্রী পল্লবী শর্মার। এখনও পর্যন্ত দুইটি ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। প্রথম ধারাবাহিকটি পাঁচ বছর ধরে চলেছিল, আর দ্বিতীয়টির সম্প্রচারকাল ছিল আড়াই বছরেরও কিছু বেশি। ফের নতুন গল্পে মুখ্য ভূমিকায় ফিরতে চলেছেন তিনি। আজকাল অনেক সিরিয়ালই কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পল্লবী কীভাবে চিত্রনাট্য বাছাই করেন?
অভিনেত্রীর কথায়, “একটা কাজ শেষ হওয়া মাত্রই নতুন কাজে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। আমার প্রথম সিরিয়াল পাঁচ বছর চলেছিল, দ্বিতীয়টি প্রায় আড়াই বছরেরও বেশি। প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা ধরে একই চরিত্রে অভিনয় করতে করতে আমরা অনেক সময় অজান্তেই সেই চরিত্রের মতো আচরণ করতে শুরু করি। তাই ওই খোলস থেকে বেরিয়ে আসা প্রয়োজন।”
প্রথম ধারাবাহিক শেষ হওয়ার প্রায় দু’বছর পর তিনি দ্বিতীয় সিরিয়াল শুরু করেন। ‘নিমফুলের মধু’ শেষ হওয়ার প্রায় ন’মাস পরে আবার নতুন গল্পে দেখা যাবে তাঁকে। তিনি আরও বলেন, “দর্শকদেরও আগের চরিত্র ভুলে নতুনভাবে দেখার সুযোগ দিতে হয়। সেটা খুবই দরকারি। ধারাবাহিক হিট হওয়ার সঠিক কারণ বলতে পারব না, কিন্তু এই পদ্ধতি আমার জন্য দারুণভাবে কাজ করে।”

নতুন সিরিয়ালে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে নায়িকাকে।

By Durgasree Mitra