অস্ত্রোপচার হয়েছে কাঁধে, এখন কেমন আছেন জুনিয়র এনটিআর?

কাঁধের চোটের কারণে বুধবার অস্ত্রোপচার করাতে হয়েছিল অভিনেতা জুনিয়র এনটিআরকে। হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কাঁধে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং আপাতত তিনি সুস্থ রয়েছেন।

অস্ত্রোপচারের পর সমাজমাধ্যমে বার্তা দিয়ে অনুরাগীদের আশ্বস্ত করেন অভিনেতা। তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৭ জুলাই কাঁধে চোট লাগে কাঁধে অভিনেতার। এরপর চিকিৎসকেরা তাঁকে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। যদিও কীভাবে চোট লাগে, তার সঠিক কারণ জানা যায়নি। এখন অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিক কাজকর্মে ফিরতে প্রায় দু’তিন মাস সময় লাগতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

By Durgasree Mitra