দিন কয়েক আগেই অরিজিৎ সিংহয়ের বাড়িতে গিয়েছিলেন আমির খান। তাঁর ‘এক দিন’ ছবির গান রেকর্ডিংয়ের জন্য। সূত্রের খবর, একইভাবে এবার টলিপাড়ার এক প্রযোজক-পরিচালকও হাজির জিয়াগঞ্জের সেই বাড়িতে। তাঁদের আসন্ন ছবিতে নাকি দু’টি গান গাইবেন অরিজিৎ।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ওই অভিনেতা-প্রযোজকের প্রথম ছবি। অন্যদিকে, ছবির পরিচালক একাধারে সুরকারও বটে। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যায়, অরিজিৎ নাকি তাঁর ‘সন্তানসম’। পরিচালনার জন্য ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। সম্ভাবনা, তাঁরই সুরে কণ্ঠ দেবেন অরিজিৎ।
দু’জনেই সম্প্রতি জিয়াগঞ্জে গিয়েছিলেন গায়কের সঙ্গে দেখা করতে। যদিও আমিরের মতো চার দিন অবস্থান করেননি তাঁরা। পুরো বিষয়টি ছিল নিভৃতে। সংবাদমাধ্যমের নজর এড়িয়ে। টলিপাড়ার সূত্রের দাবি, সুরকার ও গায়কের দীর্ঘদিনের সুসম্পর্কই নাকি এই যোগসূত্রের মূল চাবিকাঠি।
