প্রেম ভেঙেছে অলী গোনী ও জেসমিন ভসীনের? দিনকয়েক ধরে এমনই জল্পনা সমাজমাধ্যমে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী। নিজের প্রথম ট্যাটু নিয়ে একটি আবেগঘন পোস্ট করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল সমাজমাধ্যমে। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেন অভিনেত্রী।
সম্প্রতি হাতে ‘আই অ্যাম এনাফ’ কথাটি ট্যাটু করান জৈস্মিন। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আমি যথেষ্ট’। সেই অভিজ্ঞতা এবং নিজের প্রতি ভালবাসার যাত্রা নিয়ে একটি দীর্ঘ ব্যক্তিগত পোস্টও করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টকে কেন্দ্র করেই জেসমিন এবং অলীর সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়ে পড়ে। এ বার সেই সমস্ত জল্পনার জবাব দিলেন অভিনেত্রী। রবিবার, ৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “অবাক লাগে, ভিউজ় আর পাত্তা পাওয়ার জন্য কী ভাবে কিছু অনলাইন সংবাদমাধ্যম পোস্টগুলিকে ঘুরিয়ে-ফিরিয়ে উপস্থাপন করে। প্রেমিক-প্রেমিকার ছবি ব্যবহার করে এমন ভাবে বিষয়টি দেখানো হয়, যাতে বেশি করে লোকের নজরে আসা যায়। শান্ত হোন দাদা!”
স্পষ্টতই জেসমিন বুঝিয়ে দিয়েছেন, তাঁর ব্যক্তিগত পোস্টটি একেবারে অলীর সঙ্গে সম্পর্কিত নয়। সব ব্যক্তিগত পোস্টকেই সম্পর্কের সঙ্গে জুড়ে দিয়ে ‘ইঙ্গিতপূর্ণ বার্তা’ খোঁজার প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
