জয়া বচ্চনের ‘বিরল’ হাসি, গুলজ়ার-অমিতাভের সঙ্গে খোশমেজাজে—ছবি ঘিরে চর্চা

মুম্বইয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং গুলজ়ারের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী জয়া বচ্চন। অনুষ্ঠানটির বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জয়ার একটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের। অনেকের মতে, জয়ার ও রকম ছবি নাকি ‘বিরল’। কেন?

ছবিশিকারিদের সঙ্গে জয়ার সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা কারও অজানা নয়। বিভিন্ন সময়ে ক্যামেরার উপস্থিতি নিয়ে প্রকাশ্যেই নিজের বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এ বার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ভিডিয়োয় গুলজ়ারের সঙ্গে হাসতে ও খোশমেজাজে কথা বলতে দেখা যায় জয়াকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। এক সময় বিগ বি-কেও উচ্চৈস্বরে হাসতে দেখা যায়। সব মিলিয়ে তিন তারকার উপস্থিতিতে তৈরি হয় একেবারে হালকা, আনন্দমুখর পরিবেশ।

জয়ার এমন প্রাণখোলা হাসি এবং ক্যামেরার সামনে স্বচ্ছন্দে পোজ় দেওয়ার মুহূর্ত দ্রুতই সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। অভিনেত্রীকে এমন হাসিখুশি মেজাজে দেখে অবাক হয়েছেন অনেকেই। আবার কেউ কেউ তিন বর্ষীয়ান তারকার এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত উপভোগ করেছেন।

এক নেটাগরিক মজা করে লিখেছেন, “আরে, জয়াজি হাসতেও পারেন!” অন্য এক জনের মন্তব্য, “প্রথম বার হাসতে দেখলাম।” আর এক অনুরাগী জয়ার হাসি দেখে বলেছেন, “জয়াজির সেই নিষ্পাপ হাসি।” অন্য এক জন লিখেছেন, “বাহ্‌, অবশেষে তাঁকে এক বার হাসতে দেখা গেল।” আর এক অনুরাগীর মনে হয়েছে, জয়া এ দিন সত্যিই খুব আনন্দে ছিলেন। তাঁর মন্তব্য, “ওঁকে সত্যিই খুশি মনে হচ্ছে আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।”

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে জয়াকে দেখা যাবে ‘দিল কা দরওয়াজ়া খোল না ডার্লিং’ ছবিতে। তাঁর সঙ্গে রয়েছেন ওয়ামিকা গব্বী এবং সিদ্ধান্ত চতুর্বেদী।

By Paromita