প্র*য়াত ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তর আয়ারল্যান্ডে জন্ম হলেও মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ জিল্যান্ডে চলে যান তিনি। সেখানেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয়জীবনের সূচনা। দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে ‘নাইটহুড’ সম্মানে ভূষিত করা হয়। এর আগে ১৯৯১ সালে তিনি ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মাননাও লাভ করেন।

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ‘দ্য পিয়ানো’, ‘ডেড কাম’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে। তবে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’-এ নির্ভীক জীবাশ্মবিদ ডক্টর অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। পরবর্তীকালে এই ফ্র্যাঞ্চাইজির একাধিক ছবিতেও তিনি একই চরিত্রে অভিনয় করেন।

২০২৩ সালে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁর শরীরে বিরল ধরনের রক্তের ক্যানসার ‘অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা’ ধরা পড়েছে। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির মধ্যেই তিনি আত্মজীবনী রচনা করেন। পরে চিকিৎসায় সাড়া দিয়ে ক্যানসারমুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন। অভিনেতার আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে শোকাহত সিনেপ্রেমী ও অনুরাগীরা।

By Durgasree Mitra