দীর্ঘদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। মাঝে বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এর হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তাঁর। তবে এবার একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেতাকে। খলনায়ক হলেও তাঁর চরিত্রে থাকবে হাসির খোরাক, অর্থাৎ মজার মোড়কে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও কাঞ্চন মল্লিক একের পর এক চলচ্চিত্রে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে তাঁকে অল্প সময়ের জন্য দেখা গেলেও, বড়সড় বিরতির পর পূর্ণাঙ্গ চরিত্রে ফিরছেন এই মেগাতেই। ছোটপর্দায় ফেরার কারণ হিসেবে কাঞ্চন জানান, “যদি শুভাশিসদা (মুখোপাধ্যায়) বা পরানজেঠুর (বন্দ্যোপাধ্যায়) মতো সিনিয়র অভিনেতারা এখনও ধারাবাহিকে কাজ করতে পারেন, তবে আমি কেন করব না? তা ছাড়া, আমার এখনও অভিনয় নিয়ে সেই একঘেয়েমি তৈরি হয়নি।”
তিনি আরও জানান, বর্তমানে ছোটপর্দায় সচরাচর কৌতুকধর্মী গল্প দেখা যায় না। এই ধারাবাহিকের ভিন্নধর্মী গল্পই তাঁকে অভিনয়ে আকৃষ্ট করেছে। পাশাপাশি টেলিভিশনে কাজ করার সুবিধা নিয়ে অকপট অভিনেতা বলেন, ছোটপর্দায় কাজ করলে প্রতিদিন অভিনয়ের অভ্যাস বজায় থাকে এবং এর সাথে আর্থিক স্বচ্ছলতার বিষয়টিও জড়িয়ে রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই।
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন কাঞ্চন। আগামীদিনে ‘দেশু ৭’ নামক একটি চলচ্চিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে আপাতত প্রতিদিন ড্রয়িংরুমে কাঞ্চন মল্লিকের চেনা হাসির সাথে খলনায়কী চাল দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুগামীরা।
